কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ
মো: এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় লাখো শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বাঙালি জাতি কখনো ভুলবে না। শহীদদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা চিরকাল অন্তরে ধারণ করা হবে।
পরে শহীদদের স্মরণে কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক আসলাম মোল্লা, সিআইডির পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বীর মুক্তিযোদ্ধারা।
দিবসটি উপলক্ষে জেলা জুড়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।





