বেপরোয়া বাসের চাপায় চকরিয়ায় প্রাণ গেল দুই তরুণের
চকরিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোররাত আনুমানিক সোয়া ৪টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ভিলেজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন—ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম (৩০) ও রাইসুল ইসলাম শিশির (৩০)। তারা বন্ধু ছিলেন এবং মোটরসাইকেলে করে কক্সবাজারে ঘুরতে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী লাল সবুজ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে চলতে গিয়ে সামনে থাকা দুটি মোটরসাইকেল ও একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় জড়িত বাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





