হাটহাজারীতে রহস্যজনক মৃত্যু: পরিচয়হীন ব্যক্তির লাশ উদ্ধার
হাটহাজারী প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৩ থেকে ৪৪ বছর বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে পৌরসভার কৃষি ফার্ম রোড এলাকায় একটি পানের দোকানের সামনে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি হাটহাজারী মডেল থানা-কে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা জানান, স্থানীয়দের দাবি—মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এলাকাতেই ঘোরাফেরা করতেন। তার শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এদিকে, এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।





