শিখন ঘাটতি কমাতে বিশেষ উদ্যোগ: ১০ শনিবার চলবে প্রাথমিক বিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক
রমজান মাসের দীর্ঘ ছুটির প্রভাব কাটিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় গতি ফেরাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ উদ্যোগের অংশ হিসেবে ছুটির পর ধারাবাহিকভাবে ১০টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রেখে পাঠদান কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, রমজানজুড়ে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা দ্রুত পূরণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নিয়মিত ক্লাস শুরুর পর নির্ধারিত ১০টি শনিবার বিদ্যালয় খোলা থাকবে এবং সেদিনগুলোতে স্বাভাবিক পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। এতে করে শিক্ষার্থীরা তাদের পিছিয়ে পড়া পাঠ সহজেই আয়ত্ত করতে পারবে বলে আশা করা হচ্ছে।
এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই অতিরিক্ত ক্লাস কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় ধারাবাহিকতা ফিরিয়ে আনবে এবং তাদের শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।





