ঈদে কক্সবাজারে থেমে থেমে বৃষ্টি, দ্বিতীয় দিনেও হালকা বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
পবিত্র ঈদুল ফিতরের আনন্দের মাঝেই কক্সবাজারে দেখা মিলেছে থেমে থেমে হালকা বৃষ্টির। সকাল থেকে শুরু হওয়া এই গুড়ি গুড়ি বৃষ্টি দিনের বিভিন্ন সময়ে বিরতি দিয়ে ফিরে আসে, যা কিছুটা ভিন্ন আবহ এনে দেয় পর্যটন নগরীতে।
শনিবার (২১ মার্চ) ভোরের পরপরই প্রথম দফায় অল্প সময়ের জন্য বৃষ্টি শুরু হয়। এরপর সকালেই আরও এক দফা হালকা বৃষ্টিপাত হয়। দিনের মাঝামাঝি সময় বৃষ্টি না থাকলেও বিকেলের দিকে আবারও কয়েক দফায় ঝিরিঝিরি বৃষ্টি দেখা যায়, যা প্রায় ঘণ্টাখানেক স্থায়ী হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিনেও আবহাওয়ার এই ধারা অব্যাহত থাকতে পারে। আকাশ বেশিরভাগ সময় মেঘলা বা আংশিক মেঘলা থাকতে পারে এবং মাঝে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে আকাশে মেঘের উপস্থিতি থাকবে এবং সাময়িকভাবে হালকা বৃষ্টি হতে পারে।
এদিকে, আবহাওয়ার এমন পরিস্থিতিতে সমুদ্র সৈকতে ভ্রমণকারীদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।








