সিটি মেয়রের ঈদের শুভেচ্ছা: সম্প্রীতি ও মানবিকতার আহ্বান
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বীর চট্টলার নাগরিকবৃন্দ, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সাংবাদিক সমাজ, মেহনতি পেশাজীবী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান আমাদের ধৈর্য, সংযম, ত্যাগ ও সহমর্মিতার অনন্য শিক্ষা দেয়। এক মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে অনাবিল আনন্দ ও প্রশান্তি। ঈদের মূল শিক্ষা হলো—সব ভেদাভেদ ভুলে সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হওয়া। তিনি সমাজের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের বিপুল সমর্থন ও আস্থার জন্য তিনি কৃতজ্ঞ। জনগণের এই আমানত রক্ষা করে একটি আধুনিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন। অতীতে যেমন জনগণ পাশে ছিল, ভবিষ্যতেও একইভাবে পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
মেয়র বলেন, হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে। ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি প্রিয় শহর চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ব্যক্তিগত আনন্দের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।
শেষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের পবিত্র আলোয় দূর হোক সব অন্ধকার। ঈদ বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও কল্যাণ।
ঈদ মোবারক।








