শিলখালী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত পুনর্মিলনী, ইফতার ও মেজবান আয়োজন
পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিলখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলা। বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল, আলোচনা সভা ও চাটগাঁইয়া ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন ঘিরে দিনটি পরিণত হয় এক আবেগঘন পুনর্মিলনীতে।
বুধবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। নবীন ও প্রবীণদের উপস্থিতিতে বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে, সৃষ্টি হয় আন্তরিকতা ও সৌহার্দ্যের এক অনন্য পরিবেশ।
অনুষ্ঠানের শুরুতে এক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের স্কুল জীবনের স্মৃতি তুলে ধরেন। শিক্ষক-শিক্ষার্থীর সেই পুরনো সম্পর্ক, বন্ধুত্ব আর শৈশবের দিনগুলোর কথা স্মরণ করে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব জসিম উদ্দিন আহমদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রেখে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়া বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা বলেন, শিলখালী উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি তাদের জীবনের ভিত্তি গড়ে দিয়েছে।
আলোচনা শেষে ইফতার অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে সবাই অংশ নেন ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবানে। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে একসাথে সময় কাটানোর সুযোগ পেয়ে আনন্দে ভাসেন অংশগ্রহণকারীরা।
আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে।








