সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে কাল ঈদ
শামীম আল-মামুন (মতিন) ।। চট্রগ্রামঃ
চট্টগ্রামের অর্ধ–শতাধিক গ্রামের কিছু মানুষ আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মির্জারখীল দরবার-এর মুরিদগণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছরের মতো এবারও একদিন আগে ঈদ উদযাপন করছেন।
দরবার সূত্রে জানা গেছে, তাদের অনুসারীরা সৌদি আরবের সময় অনুযায়ী আগেই রোজা শুরু করেছিলেন। সেই হিসেবে আজ বৃহস্পতিবার তাদের ৩০টি রোজা পূর্ণ হচ্ছে এবং আগামীকাল শুক্রবার সকাল ১০টায় দরবার শরীফ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের নামাজে ইমামতি করবেন দরবারের পীর হযরত মাওলানা মোহাম্মদ আরেফুল হাইয়ের বড় ছেলে ড. মুফতি মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জারখীল হাইস্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক ও দরবারের মুরিদ নুরুল কবির চৌধুরী। তিনি জানান, চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের নানা স্থান থেকে মুরিদরা ঈদের নামাজ আদায়ে দরবারে সমবেত হবেন।
দরবারের তথ্যমতে, সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়াসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রামের কিছু মানুষ শুক্রবার ঈদ উদযাপন করবেন। এছাড়া পার্বত্য জেলা বান্দরবান-এর লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি এবং উপকূলীয় চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার কয়েকটি গ্রামেও একইভাবে ঈদ পালিত হবে।
নুরুল কবির চৌধুরী জানান, মির্জারখীল দরবারের অনুসারীরা প্রায় দুই শতাব্দী ধরে সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছেন।








