চট্টগ্রামে ১৬ মামলার আসামি ‘টেম্পু আলম’ গ্রেপ্তার
শামীম আল-মামুন (মতিন) চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. জানে আলম প্রকাশ টেম্পু আলমকে (৪৩) গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটার দিকে নগরীর কোতোয়ালী মোড়ের সুন্দরশাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার জানে আলম প্রকাশ টেম্পু আলম চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়া ১ নম্বর ওয়ার্ড এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।
ওসি মো. আফতাব উদ্দিন বলেন, সিএমপির তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী জানে আলমকে অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





