অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদকঃ
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের নেতারা।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন এবং রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান–১ মোহাম্মদ মোর্শেদুল হাসান।
সাক্ষাতে রিহ্যাব নেতারা আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এ সময় মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা বাড়াতে আবাসন খাতে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ৫০ হাজার কোটি টাকার ঋণ সুবিধা চালুর দাবি জানান তারা। পাশাপাশি প্রাথমিক রেজিস্ট্রেশন খরচ কমানো এবং সেকেন্ডারি বাজার গড়ে তুলতে রেজিস্ট্রি খরচ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাবও তুলে ধরা হয়।
এ বিষয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, ঈদের পর কেন্দ্রীয়ভাবে রিহ্যাবের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আবাসন খাতের দাবি-দাওয়া পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাক্ষাৎকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।








