নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, আহত ২ বিজিবি সদস্য
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালাতে গিয়ে চোরাকারবারীদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এক চোরাকারবারীও আহত হয়েছে।
সোমবার (৯ মার্চ) ভোরে উপজেলার ফুলতলী বিওপির অধীন রেইক্কাশিয়া পোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রেইক্কাশিয়া সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৩০ থেকে ৪০টি বার্মিজ গরু নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল চোরাকারবারীদের একটি সংঘবদ্ধ দল। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলায় ল্যান্স নায়েক মো. রাজু ও সিপাহি মো. শরিফ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে মো. ইসমাইল নামে এক চোরাকারবারীও আহত হয়।
আহত বিজিবি সদস্যদের প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরের এমআই রুমে চিকিৎসাধীন রাখা হয়েছে। আহত চোরাকারবারী ইসমাইল স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় মো. ইসমাইলসহ ১০ থেকে ২০ জন অজ্ঞাত চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইসমাইলের বিরুদ্ধে আগেও চোরাচালানের একাধিক মামলা রয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে।





