জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান, প্রতিষ্ঠিত রাষ্ট্রের নিয়ন্ত্রণ
শামীম আল-মামুন (মতিন) চট্রগ্রামঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের সন্ত্রাসী চক্রের নিয়ন্ত্রণ ভেঙে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবীব পলাশ।
তিনি জানান, এর আগে চারবার অভিযান চালানোর চেষ্টা করা হলেও এবার পঞ্চমবারের অভিযানে সফল হয় যৌথ বাহিনী। অভিযানে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।
এ সময় কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। পুরো এলাকায় এখনও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।
অভিযানের পর এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে স্থায়ীভাবে দুটি ক্যাম্প স্থাপন করা হবে। এর মধ্যে বাংলাদেশ পুলিশের একটি এবং র্যাবের একটি ক্যাম্প থাকবে।
ডিআইজি বলেন, প্রায় ২০০৩ সাল থেকে একটি চক্র অবৈধভাবে জমি দখল ও হস্তান্তরের কার্যক্রম চালিয়ে আসছিল। যৌথ বাহিনীর এই অভিযানের মাধ্যমে এখন এলাকায় রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।








