কক্সবাজারে শৌচাগার নির্মাণে চাঁদা দাবির জেরে যুবক খুন, বিক্ষোভ
শামিম আল- মামুন মতিনঃ
কক্সবাজার শহরে বাড়ির শৌচাগার নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবি এবং তা না দেওয়ায় গণেশ পাল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে।
শনিবার দুপুর দেড়টার দিকে শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন পল্লনকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গণেশ পাল (৩৫) ওই এলাকার বাসিন্দা এবং মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পালপাড়ার বিশ্বনাথ পালের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, গণেশ পালের বাড়িতে একটি শৌচাগার নির্মাণের জন্য সেপটিক ট্যাংকের কাজ চলছিল। এ সময় স্থানীয় কিশোর গ্যাং সদস্য জিদান, মারুফ ও বাদশার নেতৃত্বে একদল চাঁদাবাজ তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা গণেশ পালকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নেপালী পাল অভিযোগ করেন, শুক্রবার রাতে সন্ত্রাসীরা তার স্বামীর দোকানে গিয়ে চাঁদা দাবি করে। শনিবার দুপুরে আবার বাড়িতে এসে চাঁদা দাবি করলে তার স্বামী প্রতিবাদ করেন। এ সময় তার সামনেই সন্ত্রাসীরা গণেশ পালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয়রা কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।








