ঈদ–বৈশাখকে ঘিরে ব্যস্ত টাঙ্গাইলের তাঁতপল্লি
শামিম আল-মামুন মতিন ।। টাঙ্গাইলঃ
পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখকে সামনে রেখে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতপল্লিগুলোতে। বাহারি নকশা ও নতুন ডিজাইনের টাঙ্গাইল তাঁতের শাড়ি তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন তাঁত শ্রমিকরা। তবে আগের তুলনায় শাড়ির বিক্রি কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
টাঙ্গাইলের পাথরাইল, বাজিতপুর, এলাসিন, করটিয়া ও বল্লাসকল এলাকার তাঁতপল্লিগুলো এখন তাঁতের খটখট শব্দে মুখরিত। পুরুষের পাশাপাশি নারীরাও ভোর থেকে রাত পর্যন্ত শাড়ি তৈরির কাজে ব্যস্ত। এসব শাড়ির দাম ৪৫০ টাকা থেকে শুরু করে ৭০ হাজার টাকা পর্যন্ত।
তাঁত শ্রমিকরা জানান, একটি শাড়ি তৈরি করতে প্রায় দুইদিন সময় লাগে। এতে ৬০০ থেকে ৭০০ টাকা মজুরি পাওয়া যায়, যা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।
ব্যবসায়ীরা বলছেন, ভারত ও পাকিস্তানি শাড়ির কারণে দেশীয় তাঁতশিল্পে প্রভাব পড়েছে। তবুও ঈদ ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে প্রায় দেড় লাখ পিস শাড়ি বিক্রির আশা করছেন তারা।
স্থানীয় ব্যবসায়ী নেতারা জানান, একসময় টাঙ্গাইলে প্রায় ৫ হাজার তাঁত ছিল, যা বর্তমানে কমে প্রায় সাড়ে ৪০০টিতে নেমে এসেছে। এ শিল্প টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা প্রয়োজন বলেও তারা মনে করছেন।





