ব্যক্তিগত কারণ দেখিয়ে দুদকের চেয়ারম্যানসহ দুই কমিশনারের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদকঃ
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ও দুই কমিশনার একযোগে পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরের পর তাঁরা সচিবালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী কর্মকর্তারা হলেন— ড. মোহাম্মদ আবদুল মোমেন, চেয়ারম্যান,মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার,হাফিজ আহসান ফরিদ, কমিশনার দুপুরের পর সচিবালয়ে এসে তাঁরা পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি জানান, কোনো চাপের মুখে নয়, ব্যক্তিগত কারণেই তাঁরা পদত্যাগ করেছেন। দায়িত্ব পালনের সময়কে তিনি “উপভোগ্য” বলেও উল্লেখ করেন।
আজিজী বলেন, নিয়ম অনুযায়ী এক মাস আগে পদত্যাগপত্র জমা দিতে হয় এবং তিনি তাঁর প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিয়েছেন। পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, সরকারের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়েই আবেদন করেছেন।
অপর কমিশনার হাফিজ আহসান ফরিদ গণমাধ্যমকে বলেন, বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ও কমিশনাররা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন।
দুদকের শীর্ষ পর্যায়ের এ একযোগে পদত্যাগ প্রশাসনিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে।








