ঈদকে ঘিরে চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানে সরকার, মাঠে থাকবে বিশেষ নজরদারি
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাট ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজির নানা তথ্য সরকারের কাছে রয়েছে এবং এসব কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করবে।
মঙ্গলবার ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের প্রতিটি কোরবানির পশুর হাটে নিরাপত্তা জোরদার করা হবে এবং আনসার সদস্য মোতায়েন থাকবে। তিনি বলেন, “কেউ যেন চাঁদাবাজি, হয়রানি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।”
চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সরকারের হটলাইন নম্বর ১৬৬১১৩-এ জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের সহযোগিতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
মন্ত্রী আরও জানান, ঈদুল আজহার আগে ও পরে মোট সাতদিন বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল চালু থাকবে। এই সেল সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবে।
তিনি বলেন, “ঈদের সময় বিপুলসংখ্যক মানুষ রাজধানী ছাড়বেন এবং বিভিন্ন পশুর হাটে ভিড় হবে। তাই জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব বাহিনীকে সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।”
ঢাকার পশুর হাট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসবে।
এছাড়া কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের জন্য সরকার বিনামূল্যে লবণ বিতরণের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। এ খাতে সরকার ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
গার্মেন্টস খাতের শ্রমিকদের বেতন-ভাতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঈদের আগেই সব শ্রমিকের পাওনা পরিশোধ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ বিষয়ে বিজিএমইএ এবং বিকেএমইএ সম্মতি দিয়েছে বলেও জানান তিনি।





