সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

অপরাধে জড়ালে দলীয় পরিচয়ে রক্ষা নেই: হাটহাজারীতে কঠোর বার্তা মীর হেলালের

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:২৭ পিএম
অপরাধে জড়ালে দলীয় পরিচয়ে রক্ষা নেই: হাটহাজারীতে কঠোর বার্তা মীর হেলালের

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের হাটহাজারীতে এক অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, রাজনৈতিক পরিচয় কিংবা আন্দোলন-সংগ্রামে একসঙ্গে থাকার সম্পর্ক কোনোভাবেই অপরাধ করার লাইসেন্স হতে পারে না। কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে হাটহাজারী উপজেলার একটি চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তার অসংখ্য সহকর্মী ও রাজনৈতিক সাথী তৈরি হয়েছে। অনেকের সঙ্গে রাজপথে আন্দোলন করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করেছেন। কিন্তু সেই সম্পর্ক বা পরিচয়কে কেউ অপরাধ আড়াল করার ঢাল হিসেবে ব্যবহার করতে পারবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, “কারও সঙ্গে আমার ছবি থাকতে পারে, কেউ আমার সঙ্গে চলাফেরা করেছে কিংবা দলে কোনো পদেও থাকতে পারে। কিন্তু যেই মুহূর্তে কোনো ব্যক্তি অপরাধের সঙ্গে জড়াবে, সেই মুহূর্ত থেকেই তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের সদস্য হিসেবে বিবেচনা করা হবে না।”

দলের ভেতরে অপরাধীদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে এবং জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতে চায়। তাই দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি অন্যায় বা অবৈধ কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক উভয় ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এসময় তিনি তার নির্বাচনী এলাকা হাটহাজারীতে চলমান বিভিন্ন উন্নয়ন ও অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমের কথাও তুলে ধরেন। তিনি জানান, সাত্তারঘাট এলাকায় অবৈধভাবে ভবন নির্মাণের কাজ ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। এছাড়া কালভার্ট বন্ধ করে নির্মাণ ইয়ার্ড তৈরির চেষ্টার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

মীর হেলাল বলেন, গত ৫০ বছরেও কেউ বাস টার্মিনালের অবৈধ দখল নিয়ে কার্যকর উদ্যোগ নেয়নি। আমরা জনগণের সুবিধার্থে সরকারি সম্পদ উদ্ধার ও সুরক্ষায় কাজ করছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও জনস্বার্থমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।