বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

কাপাসিয়ায় রক্তাক্ত ট্র্যাজেডি: স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হত্যা, নিখোঁজ গৃহকর্তা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:৪৯ পিএম
কাপাসিয়ায় রক্তাক্ত ট্র্যাজেডি: স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হত্যা, নিখোঁজ গৃহকর্তা

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভয়াবহ এক হত্যাকাণ্ডে স্ত্রী ও তিন সন্তানসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। শনিবার ভোররাতে উপজেলার রাউৎকোনা গ্রামে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই পরিবারের গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার রাউৎকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। শুক্রবার রাত পর্যন্ত পরিবারের সদস্যদের স্বাভাবিকভাবেই দেখা গেলেও শনিবার সকালে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহতদের মধ্যে রয়েছেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন এবং তাদের তিন কন্যা সন্তান— মীম, মারিয়া ও ফারিয়া। নিহত অপর একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলোর গলা কাটা ছিল বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্যমতে, ভোরের দিকে ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে ঘরের ভেতরে ঢুকে মেঝেতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তারা হতবাক হয়ে যান। খবর ছড়িয়ে পড়লে আশপাশের শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

প্রতিবেশীরা জানান, ফোরকান মিয়া ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। সেই বিরোধের জের ধরে তিনি হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে নারাজ পুলিশ।

এ বিষয়ে গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানান, “কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ঘটনার পর থেকেই গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

‘ইনশাআল্লাহ’ বলায় নারী আইপিএস কর্মকর্তার বদলি, ভারতে বিতর্ক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ পিএম
‘ইনশাআল্লাহ’ বলায় নারী আইপিএস কর্মকর্তার বদলি, ভারতে বিতর্ক

ডেস্ক রিপোর্ট | এমবি টিভি

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে উৎসাহ দিতে একটি ভিডিও পোস্ট করেছিলেন ভারতের নারী আইপিএস কর্মকর্তা বুশরা বানু। তবে ভিডিওতে ‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহারের অভিযোগ ওঠার পর তাকে পশ্চিমবঙ্গের খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে বদলি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তার বদলির খবর প্রকাশ্যে আসে।

ঘটনার সূত্রপাত বুশরা বানুর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে। ভিডিওতে তিনি জানান, পিএইচডি সম্পন্ন করার পর সৌদি আরবের চাকরি ছেড়ে দেশে ফিরে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির সময় আলিগড় মুসলিম ইউনিভার্সিটির একটি কোচিং একাডেমি তাকে সহযোগিতা করেছিল।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি ওই প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। বই, মক টেস্টসহ পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য অন্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করেন তিনি।

তবে ভিডিওর শুরুতে ইসলামিক অভিবাদন ও ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি তোলে ‘হিন্দু লিগাল ফান্ড’ নামে একটি ডানপন্থি সংগঠন। সংগঠনটি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগ জানায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, সরকারি পদে থাকা একজন কর্মকর্তার জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা এবং জাতীয় অভিব্যক্তি ব্যবহার করা উচিত।

এরপর বুশরা বানুর বদলিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও বিতর্ক। এক পক্ষ তার সরকারি পদে থেকে এ ধরনের শব্দ ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে, অনেকে মনে করছেন, একজন সরকারি কর্মকর্তা ব্যক্তিগত ধর্মীয় অভিবাদন ব্যবহার করলেই তা সরকারি নিরপেক্ষতার পরিপন্থী হয়ে যায় কি না—সে প্রশ্নও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

সমালোচকদের একটি অংশ আরও প্রশ্ন তুলেছেন, ভারতের মতো বহু ধর্ম ও সংস্কৃতির দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নিজস্ব অভিবাদন ও সাংস্কৃতিক অভিব্যক্তি ব্যবহারের অধিকার কীভাবে সরকারি দায়িত্বের নিরপেক্ষতার সঙ্গে সমন্বয় করা হবে।

ঘটনাটি ইতোমধ্যে ভারতে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত ধর্মীয় অভিব্যক্তি, প্রশাসনিক নিরপেক্ষতা এবং দেশের বহুত্ববাদী সামাজিক কাঠামো নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া