চট্টগ্রামে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, টার্গেটে ছিল ফলমন্ডি-রিয়াজউদ্দিন বাজার
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সিএমপির কোতোয়ালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. ফারুকুজ্জামান মুমিন (৪০), মো. জুয়েল রানা (৩৪), তানভীর হোসেন শারফিন (২৭), মো. সোহেল রানা (২৩) ও মো. বেলাল হোসেন (২১)।
পুলিশ জানায়, সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার (বাকলিয়া জোন)-এর তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এএসআই মো. সোহেল আহমদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় কোতোয়ালী থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৭৫, তারিখ ৩০ এপ্রিল ২০২৬। পরে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা চট্টগ্রামের ফলমন্ডি, কদমতলী বাজার ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের জিম্মি করে ডাকাতির পরিকল্পনা করছিল।
পুলিশ আরও জানায়, ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ তারা ঘটনাস্থলে জড়ো হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





