মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মেঘনা তীরে রাসেল ভাইপারের আতঙ্ক: কামড়ের পর সাপ ধরে হাসপাতালে যুবক

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:৪১ পিএম
মেঘনা তীরে রাসেল ভাইপারের আতঙ্ক: কামড়ের পর সাপ ধরে হাসপাতালে যুবক

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পাড়ে বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের আতঙ্ক আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। মঙ্গলবার সকালে এখলাসপুর ইউনিয়নে এক যুবক সাপ উদ্ধার করতে গিয়ে কামড়ের শিকার হলেও বিরল সাহসিকতায় সাপটিকেই ধরে নিয়ে হাসপাতালে যান—যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

আহত যুবকের নাম সোহেল প্রধান (৩১)। তিনি এখলাসপুর গ্রামের সেলিম প্রধানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি মেঘনা নদীর পাড়ে নতুন বাড়িতে যাওয়ার পথে একটি কারেন্ট জালে বড় আকৃতির রাসেল ভাইপার সাপ আটকে থাকতে দেখেন। সাপটিকে জাল থেকে ছাড়ানোর চেষ্টা করলে হঠাৎ সেটি তাঁর হাতে কামড় দেয়।

কামড় খাওয়ার পরও সোহেল প্রধান ভেঙে পড়েননি। বরং তাৎক্ষণিকভাবে সাপটিকে নিয়ন্ত্রণে এনে প্লাস্টিকের বৈয়মে বন্দি করে বাড়িতে রেখে দেন। এরপর দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ গিয়ে চিকিৎসা নেন এবং প্রয়োজনীয় অ্যান্টিভেনম গ্রহণ করেন।

স্থানীয়রা জানান, গত কয়েক বছরে মেঘনা নদীর তীরবর্তী চরাঞ্চল—বিশেষ করে বোরচর, চরকাশিম, বাহেরচর ও এখলাসপুর এলাকায় রাসেল ভাইপারের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত বছরও একাধিক সাপ পিটিয়ে মারার ঘটনা ঘটেছিল। বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় এবারও সাপের প্রকোপ বাড়ার আশঙ্কায় জেলে ও কৃষকদের মধ্যে চরম ভীতি বিরাজ করছে।

এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, বর্ষাকালে নদীতীরবর্তী এলাকায় সাপের ঝুঁকি স্বাভাবিকভাবেই বাড়ে। তিনি সবাইকে সাপে কামড়ালে ঝাড়ফুঁক না করে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

অন্যদিকে, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান জানিয়েছেন, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। বর্তমানে প্রায় ২০০ ডোজ ভ্যাকসিন সংরক্ষিত আছে এবং আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, সাপের উপদ্রব নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম নিশ্চিত করা জরুরি। বিশেষজ্ঞদের মতে, সচেতনতা বৃদ্ধি ও দ্রুত চিকিৎসাই সাপের কামড়জনিত মৃত্যুহার কমানোর প্রধান উপায়।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।