চা দিতে দেরি, বাবার হাতে প্রাণ গেল দুই মাসের শিশুর
হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে নিজের দুই মাস বয়সী কন্যা শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে পিতা ওসমান গণির বিরুদ্ধে।
মঙ্গলবার (সকাল ৯টা) উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু সাবরিনা জান্নাত মাহিরা ওই এলাকার বাসিন্দা ওসমান গণি ও সুমাইয়া আক্তার দম্পতির মেয়ে।
পুলিশ জানায়, সকালে শিশুটিকে নিয়ে তার মা খাটে বসে ছিলেন। এ সময় ওসমান গণি তার স্ত্রীকে চা দিতে বলেন। চা দিতে কিছুটা দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি শিশুটিকে খাট থেকে নিয়ে দুই দফা মাটিতে আছাড় দেন।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত পিতা ওসমান গণি পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচা রোমানকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।





