টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবাসহ আটক ২
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে তাদের কাছে থাকা একটি বস্তা তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্টগার্ড জানিয়েছে।





