আইনি জটিলতায় ফের থমকে গেল চিটাগাং চেম্বার নির্বাচন
নিজস্ব প্রতিবেদক:
শতবর্ষী ব্যবসায়িক সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর বহুল আলোচিত নির্বাচন আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিতব্য ভোটগ্রহণ কার্যক্রম হঠাৎ করেই স্থগিত ঘোষণা করেছে নির্বাচন বোর্ড, ফলে ব্যবসায়ী মহলে নতুন করে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।
চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বাক্ষরিত সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত দিনের ভোটগ্রহণ ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করা হয়েছে। তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা সংকট ও বিরোধে জর্জরিত চিটাগাং চেম্বারের নির্বাচন প্রক্রিয়া। গত বছরের ৫ আগস্ট সাধারণ ব্যবসায়ীদের তীব্র বিক্ষোভের মুখে চেম্বারের প্রেসিডিয়াম ও পরিচালনা পর্ষদের সদস্যরা পদত্যাগ করেন। এর পর প্রশাসক নিয়োগ দিয়ে সংগঠনটির কার্যক্রম চালানো হচ্ছে।
পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড গত ১১ আগস্ট ২০২৫–২৬ ও ২০২৬–২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। শুরুতে ১ নভেম্বর নির্বাচনের দিন নির্ধারণ করা হলেও দুইটি প্যানেল মনোনয়নপত্র জমা দিয়ে প্রচারণা শুরু করার পরপরই আইনি জটিলতা দেখা দেয়।
বিভিন্ন মামলা, রিট ও প্রশাসনিক জটিলতার কারণে একাধিকবার নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়। সর্বশেষ ৪ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হলেও নতুন করে তা স্থগিত হওয়ায় পুরো নির্বাচন প্রক্রিয়াই আবারও অনিশ্চয়তায় পড়ে গেছে।
ব্যবসায়ী মহলের একাধিক সূত্র জানায়, দ্রুত একটি নির্বাচিত নেতৃত্ব গঠন না হলে চেম্বারের কার্যক্রমে স্থবিরতা দীর্ঘায়িত হতে পারে। তারা দ্রুত সব জটিলতা নিরসন করে নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন।





