বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক: প্রমাণিত অভিযোগে সরকারি কর্মচারীর চাকরি খারিজ
শামীম আল-মামুন(মতিন),চট্রগ্রামঃ
বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি হারিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. শরিফুল ইসলাম। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, শরিফুল ইসলাম বিয়ের আশ্বাস দিয়ে চট্টগ্রামের এক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন এবং বিয়ের আগে ও পরেও তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত ছিলেন। ওই নারীর অভিযোগের ভিত্তিতে গঠিত বিভাগীয় কমিশনের তিন সদস্যের তদন্ত কমিটি বিষয়টি অনুসন্ধান করে এবং অভিযোগের সত্যতা পায়।
তদন্তে উপস্থাপিত হোয়াটসঅ্যাপ বার্তায় দেখা যায়, অভিযোগকারীর গর্ভধারণ সম্পর্কে তিনি অবগত ছিলেন এবং গর্ভপাতের জন্য চাপ প্রয়োগের অভিযোগও উঠে আসে। পাশাপাশি একটি রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি ওই নারীকে নিয়ে গোপনে কক্ষে অবস্থান করতেন। এসব কর্মকাণ্ডকে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে নৈতিক স্খলন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, বিবাহিত থাকা অবস্থায় সম্পর্ক গোপন রেখে অন্যত্র বিয়ে করার বিষয়টিও প্রতারণা হিসেবে বিবেচিত হয়েছে। অভিযোগ দায়েরের পর তা তুলে নিতে চাপ দেওয়ার বিষয়টিও তদন্তে উঠে আসে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। তদন্ত কর্মকর্তা নিয়োগ, লিখিত জবাব ও ব্যক্তিগত শুনানির সুযোগ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি সন্তোষজনক জবাব দেননি। পরবর্তীতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-এর সম্মতি নিয়ে তাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়।





