মহান স্বাধীনতা দিবসে হাটহাজারীতে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা
হাটহাজারী প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নাংগলমোড়া ইউনিয়ন বিএনপি। দিবসটি উপলক্ষে সকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করা হয়।
এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের ত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, যা জাতির জন্য গৌরবের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লায়ন সালাউদ্দীন আলী, আমজাদ হোসেন সুমন, মামুনুর রশীদ মামুন, গিয়াসউদ্দিন মাহমুদ, হুজাতুল ইসলাম, বখতিয়ার ইসলাম বাচ্চু, মোহাম্মদ ইসলাম, আব্দুল হালিম, আরিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।





