সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে ছুরিকাঘাতে সাবেক সমন্বয়ক নিহত, তরুণী হেফাজতে—শহরে বিক্ষোভ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:৪৭ পিএম
কক্সবাজারে ছুরিকাঘাতে সাবেক সমন্বয়ক নিহত, তরুণী হেফাজতে—শহরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে খোরশেদ আলম (২৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সাবেক সমন্বয়ক ছিলেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঝাউবাগানের ভেতরে কবিতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইউসুলুলঘোনা এলাকার শাহ আলমের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় খোরশেদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তারিন নামে এক তরুণীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সময় তিনি খোরশেদের সঙ্গে ছিলেন। তিনিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে দুই যুবক খোরশেদ আলমের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পেট, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

ঘটনার সময় সঙ্গে থাকা তারিন জানান, হঠাৎ দুই যুবক এসে খোরশেদকে জিম্মি করে তার কাছে থাকা জিনিসপত্র দাবি করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।

এদিকে খোরশেদ হত্যার খবর ছড়িয়ে পড়লে রাতেই কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরোনো শহীদ মিনার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত পুলিশ টহল না থাকায় অপরাধ বাড়ছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।