ছাদখোলা বাসে মেরিন ড্রাইভ ভ্রমণ: কম খরচে সমুদ্র-পাহাড়ের রোমাঞ্চে পর্যটকদের ভিড়
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার-টেকনাফের দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়কে ছাদখোলা ট্যুরিস্ট বাস ভ্রমণ এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সড়কে একসঙ্গে পাহাড় ও সমুদ্র দেখার সুযোগ থাকায় ভ্রমণপিপাসুরা ঝুঁকছেন এই নতুন অভিজ্ঞতার দিকে।
প্রতিদিন সকাল ৯টায় কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বিআরটিসির দুটি ছাদখোলা বাস যাত্রা শুরু করে। বাস দুটিতে মোট ১৩১টি আসন রয়েছে, যার মধ্যে উপরের ডেকে ৬৭টি এবং নিচের ডেকে ৬৪টি আসন। ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৭০০ ও ৬০০ টাকা।
সরাসরি দেখা গেছে, টিকিট কাউন্টারে সকাল থেকেই পর্যটকদের উপচে পড়া ভিড়। অনেকেই জানান, আগে মেরিন ড্রাইভের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে কয়েক হাজার টাকা খরচ হলেও এখন কম খরচে একই অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে।
এই ভ্রমণপথে পর্যটকরা হিমছড়ি, ইনানী সমুদ্রসৈকত, পাতুয়ারটেকসহ বিভিন্ন স্পটে নির্দিষ্ট সময় বিরতি নিয়ে ঘুরে দেখার সুযোগ পান। ভ্রমণ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে বাসগুলো আবার কক্সবাজারে ফিরে আসে।
বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, বিশেষ করে ঈদের ছুটিতে এই সেবার চাহিদা বেড়েছে কয়েকগুণ। ঈদের দিন ও পরদিন উভয় বাসেই আসন ছিল পূর্ণ।
পর্যটন সংশ্লিষ্টদের মতে, সাশ্রয়ী খরচে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের সুযোগ থাকায় ছাদখোলা বাস সেবা কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করছে।





