লামায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: খাদে পড়ে লাকড়িবোঝাই জিপ, নিহত ২
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের লামা উপজেলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লাকড়িবোঝাই একটি জিপ গভীর খাদে পড়ে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ফাঁসিখালী ইউনিয়নের ইয়াংছা আর্মি ক্যাম্পের পূর্ব পাশে স্থানীয়ভাবে পরিচিত ‘মৃত্যুপুরী বাঁক’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাশখাইল্যা ঝিরি এলাকার জিপচালক আলমগীর এবং হাইক্কাঝিরি এলাকার আনোয়ার। আহত পুতিয়া নামের এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের বরাতে জানা যায়, ইয়াংছা বনপুর এলাকা থেকে ইয়াংছা বাজারের দিকে লাকড়ি বোঝাই করে যাওয়ার সময় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনায় পড়া জিপটি ছিল অকশন থেকে কেনা একটি ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন। এতে কোনো নাম্বার প্লেট, ফিটনেস সনদ কিংবা বৈধ কাগজপত্র ছিল না। পাহাড়ি দুর্গম সড়কে দীর্ঘদিন ধরে এ ধরনের অবৈধ যান চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই বললেই চলে।
স্থানীয়রা আরও জানান, এমন ঝুঁকিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহনের কারণেই পাহাড়ি এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








