চট্টগ্রাম কাস্টমসে অনলাইন নিলামের সময় বাড়ানোর দাবি, সিদ্ধান্ত ঈদের পর
মোহাম্মদ সেলিম চৌধুরী ।। চট্রগ্রামঃ
চট্টগ্রাম কাস্টম হাউসে অনুষ্ঠিতব্য দুটি অনলাইন নিলামের সময় বাড়ানোর দাবি জানিয়েছেন নিলাম ব্যবসায়ীরা। এ বিষয়ে কাস্টমস কমিশনার বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। তবে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ঈদের পর।
জানা গেছে, আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ৪৯ লট পণ্যের বিশেষ অনলাইন নিলাম এবং ৮ এপ্রিলের ৭৪ লট পণ্যের নিলামকে কেন্দ্র করে এই দাবি ওঠে। কাস্টমস কর্তৃপক্ষ ৩১ মার্চের নিলামের পণ্য পরিদর্শনের সময় নির্ধারণ করেছে ৫ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত। একইসঙ্গে দরপত্র জমা নেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ৪ মার্চ সকাল ৯টা থেকে ৩১ মার্চ বিকেল ৩টা পর্যন্ত।
অন্যদিকে, ৮ এপ্রিলের নিলামের পণ্য দেখার সময় নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। এ নিলামের দরপত্র জমা নেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ৫ মার্চ সকাল ৯টা থেকে ৮ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত।
নিলাম ব্যবসায়ীরা জানিয়েছেন, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি থাকায় এবং রমজান মাসে সময় স্বল্পতার কারণে পণ্য পরিদর্শন ও নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণে নানা জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে জামানতের পে-অর্ডার জমা দেওয়া অনেকের জন্য কঠিন হয়ে পড়তে পারে বলে তারা উল্লেখ করেন।
চট্টগ্রাম কাস্টমসের নিয়মিত বিডার মোহাম্মদ নাসিম বলেন, ঈদের ছুটির পরপরই নিলাম আয়োজন করায় ব্যবসায়ীরা যথাযথভাবে পণ্য দেখতে পারেননি। তাই সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার (নিলাম শাখা) আবু সুফিয়ান জানান, ব্যবসায়ীদের আবেদন পাওয়া গেছে এবং বিষয়টি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। ঈদের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।





