বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

লোহারপুলে চোরচক্রের ডেরা থেকে দুইজন আটক, জব্দ চোরাই পোশাক ও সরঞ্জাম

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:০৮ পিএম
লোহারপুলে চোরচক্রের ডেরা থেকে দুইজন আটক, জব্দ চোরাই পোশাক ও সরঞ্জাম

এম ছামিউল ইসলাম ।। চট্রগ্রামঃ

চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জের লোহারপুল এলাকায় অভিযান চালিয়ে পেশাদার চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই পোশাক ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, শুক্রবার (১২ মার্চ) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে খাতুনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন—সিয়ান্দর ওরফে মো. আরিফ হোসেন (৩০) এবং মো. রুবেল (৩৫)। তারা উভয়েই কুমিল্লা জেলার বাসিন্দা। তবে চট্টগ্রামের খাতুনগঞ্জের লোহারপুল সংলগ্ন সোনা মিয়া মার্কেটের একটি কক্ষে ভাড়া থেকে তারা চুরির কার্যক্রম পরিচালনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে বিভিন্ন রঙের ১২টি থ্রি-পিস (আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা), একটি বেগুনি রঙের লেহেঙ্গা (৮ হাজার টাকা), একটি মিষ্টি রঙের লেহেঙ্গা (৮ হাজার টাকা) এবং একটি গোল্ডেন রঙের লেহেঙ্গা (২ হাজার ৬০০ টাকা) উদ্ধার করা হয়েছে।

এছাড়া চুরির কাজে ব্যবহৃত প্রায় দুই ফুট লম্বা একটি কাটার, একটি লোহার কাঁচি, একটি স্ক্রু-ড্রাইভার এবং একটি কালো ব্যাগ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটক সিয়ান্দর ওরফে আরিফের বিরুদ্ধে কোতোয়ালী ও বাকলিয়া থানায় মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। অপরদিকে রুবেলের বিরুদ্ধেও কোতোয়ালী থানায় মাদক ও চুরির কয়েকটি মামলা রয়েছে।

আটক দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‘ইনশাআল্লাহ’ বলায় নারী আইপিএস কর্মকর্তার বদলি, ভারতে বিতর্ক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ পিএম
‘ইনশাআল্লাহ’ বলায় নারী আইপিএস কর্মকর্তার বদলি, ভারতে বিতর্ক

ডেস্ক রিপোর্ট | এমবি টিভি

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে উৎসাহ দিতে একটি ভিডিও পোস্ট করেছিলেন ভারতের নারী আইপিএস কর্মকর্তা বুশরা বানু। তবে ভিডিওতে ‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহারের অভিযোগ ওঠার পর তাকে পশ্চিমবঙ্গের খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে বদলি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তার বদলির খবর প্রকাশ্যে আসে।

ঘটনার সূত্রপাত বুশরা বানুর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে। ভিডিওতে তিনি জানান, পিএইচডি সম্পন্ন করার পর সৌদি আরবের চাকরি ছেড়ে দেশে ফিরে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির সময় আলিগড় মুসলিম ইউনিভার্সিটির একটি কোচিং একাডেমি তাকে সহযোগিতা করেছিল।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি ওই প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। বই, মক টেস্টসহ পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য অন্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করেন তিনি।

তবে ভিডিওর শুরুতে ইসলামিক অভিবাদন ও ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি তোলে ‘হিন্দু লিগাল ফান্ড’ নামে একটি ডানপন্থি সংগঠন। সংগঠনটি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগ জানায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, সরকারি পদে থাকা একজন কর্মকর্তার জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা এবং জাতীয় অভিব্যক্তি ব্যবহার করা উচিত।

এরপর বুশরা বানুর বদলিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও বিতর্ক। এক পক্ষ তার সরকারি পদে থেকে এ ধরনের শব্দ ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে, অনেকে মনে করছেন, একজন সরকারি কর্মকর্তা ব্যক্তিগত ধর্মীয় অভিবাদন ব্যবহার করলেই তা সরকারি নিরপেক্ষতার পরিপন্থী হয়ে যায় কি না—সে প্রশ্নও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

সমালোচকদের একটি অংশ আরও প্রশ্ন তুলেছেন, ভারতের মতো বহু ধর্ম ও সংস্কৃতির দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নিজস্ব অভিবাদন ও সাংস্কৃতিক অভিব্যক্তি ব্যবহারের অধিকার কীভাবে সরকারি দায়িত্বের নিরপেক্ষতার সঙ্গে সমন্বয় করা হবে।

ঘটনাটি ইতোমধ্যে ভারতে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত ধর্মীয় অভিব্যক্তি, প্রশাসনিক নিরপেক্ষতা এবং দেশের বহুত্ববাদী সামাজিক কাঠামো নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া