চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে সাঁড়াশি অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযান ঢাকায় শুরু হলেও তা পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত করা হবে। ইতোমধ্যে চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের একটি নির্মোহ তালিকা প্রণয়নের কাজ চলছে। তালিকা প্রস্তুত হলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জনগণের সহযোগিতা কামনা করে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি ডিএমপি হেডকোয়ার্টার পরিদর্শন করে এডিশনাল কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, এডিসি এবং ৫০ থানার ওসিদের সঙ্গে মতবিনিময় করেছেন। তাদের সমস্যা শুনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিগত সরকারের সময় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি ফ্যাসিস্ট শাসনামলের কারণে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি দাবি করেন, পুলিশের ঐতিহাসিক ও পেশাদার ভূমিকা পুনরুদ্ধারের পথে অগ্রগতি হয়েছে এবং জনমনে আস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতের কিছু কর্মকাণ্ডের জন্য পুরো প্রতিষ্ঠান দায়ী নয় বলেও মন্তব্য করেন তিনি।





