দলিল রেজিস্ট্রিতে ঘুষ: চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ট্র্যাপ টিম।
আটক ব্যক্তিরা হলেন—পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং ওই কার্যালয়ের উমেদার রূপন দাশ।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদক।
দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রামের এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। অভিযোগ অনুযায়ী, দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও সেগুলোর রেজিস্ট্রি প্রক্রিয়া আটকে রাখেন সাব-রেজিস্ট্রার।
পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার বিনিময়ে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি নিয়ে নিরুপায় হয়ে ওই আইনজীবী দুর্নীতি দমন কমিশনের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে তিনি দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন।
অভিযোগ পাওয়ার পর কমিশনের অনুমোদন নিয়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় দুদক। এরই ধারাবাহিকতায় সোমবার (২২ সেপ্টেম্বর) দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি বিশেষ ট্র্যাপ টিম পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালায়।
অভিযানের একপর্যায়ে ২ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।
দুদক জানিয়েছে, অভিযানের পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, ঘুষ ও দুর্নীতির অভিযোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





