মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫০ পিএম
এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. সাইদুজ্জামান আদালতে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন।

আবেদনে বলা হয়, আবু হেনা রহমাতুল মুনীম ও ঈদতাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এ বিষয়ে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানে তাদের বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

দুদকের দাবি, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন মাধ্যমে ব্যাংক হিসাবগুলোতে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

এ অবস্থায় অনুসন্ধান শেষ হওয়ার আগে এসব হিসাবে থাকা অর্থ বা অন্যান্য অস্থাবর সম্পদ স্থানান্তর, রূপান্তর কিংবা অন্যভাবে সরিয়ে নেওয়া হলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে আদালতকে জানায় দুদক।

অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ২৫টি ব্যাংক হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন—এমন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।

দলিল রেজিস্ট্রিতে ঘুষ: চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম
দলিল রেজিস্ট্রিতে ঘুষ: চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ট্র্যাপ টিম।

আটক ব্যক্তিরা হলেন—পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং ওই কার্যালয়ের উমেদার রূপন দাশ।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদক।

দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রামের এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। অভিযোগ অনুযায়ী, দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও সেগুলোর রেজিস্ট্রি প্রক্রিয়া আটকে রাখেন সাব-রেজিস্ট্রার।

পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার বিনিময়ে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি নিয়ে নিরুপায় হয়ে ওই আইনজীবী দুর্নীতি দমন কমিশনের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে তিনি দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন।

অভিযোগ পাওয়ার পর কমিশনের অনুমোদন নিয়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় দুদক। এরই ধারাবাহিকতায় সোমবার (২২ সেপ্টেম্বর) দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি বিশেষ ট্র্যাপ টিম পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে ২ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।

দুদক জানিয়েছে, অভিযানের পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, ঘুষ ও দুর্নীতির অভিযোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।