মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

চার জেলায় নতুন এসপি, বদলি-পদায়ন ৯ পুলিশ কর্মকর্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম
চার জেলায় নতুন এসপি, বদলি-পদায়ন ৯ পুলিশ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুরে নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সুপার পদমর্যাদার আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. বদরুদ্দোজাকে নেত্রকোনার বিশেষ পুলিশ সুপার, মো. তরিকুল ইসলামকে সিআইডির পুলিশ সুপার এবং মো. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া শাহ মো. আব্দুর রউফকে রাজবাড়ীর পুলিশ সুপার এবং মীর মনির হোসেনকে র‌্যাবে উপপরিচালক (পুলিশ সুপার) পদে পদায়ন করা হয়েছে।

মোহাম্মদ মনজুর মোরশেদকে রাজবাড়ীর পুলিশ সুপার এবং উজ্জ্বল কুমার রায়কে মেহেরপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, আলী হায়দার চৌধুরীকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় এআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে মোট ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার বদলি ও পদায়নের তথ্য জানানো হয়েছে।

দলিল রেজিস্ট্রিতে ঘুষ: চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম
দলিল রেজিস্ট্রিতে ঘুষ: চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ট্র্যাপ টিম।

আটক ব্যক্তিরা হলেন—পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং ওই কার্যালয়ের উমেদার রূপন দাশ।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদক।

দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রামের এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। অভিযোগ অনুযায়ী, দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও সেগুলোর রেজিস্ট্রি প্রক্রিয়া আটকে রাখেন সাব-রেজিস্ট্রার।

পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার বিনিময়ে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি নিয়ে নিরুপায় হয়ে ওই আইনজীবী দুর্নীতি দমন কমিশনের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে তিনি দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন।

অভিযোগ পাওয়ার পর কমিশনের অনুমোদন নিয়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় দুদক। এরই ধারাবাহিকতায় সোমবার (২২ সেপ্টেম্বর) দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি বিশেষ ট্র্যাপ টিম পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে ২ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।

দুদক জানিয়েছে, অভিযানের পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, ঘুষ ও দুর্নীতির অভিযোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।