পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদকঃ
পহেলা বৈশাখের দিনে দেশের পাঁচটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় সক্রিয় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।
এছাড়া আজ শনিবার (১১ এপ্রিল) সিলেট বিভাগের দু-একটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।








