রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

শীতের আগাম সবজিতেও স্বস্তি নেই, বাজারে বাড়তি খরচ

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:৩১ এম
শীতের আগাম সবজিতেও স্বস্তি নেই, বাজারে বাড়তি খরচ

শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করেছে। বাড়ছে সরবরাহও। তবে তাতে কমছে না দাম। নতুন আলু, গাজর, টমেটোসহ বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। শুধু সবজি নয়, মাছ, মাংস ও ডিমের বাজারেও স্বস্তি নেই। ফলে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা। অন্যদিকে পুরোনো আলু পাওয়া যাচ্ছে ৩০ টাকায়। কাঁচা মরিচ ১২০, গোল বেগুন ১০০, লম্বা বেগুন ৬০ থেকে ৮০ এবং করলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে।

এ ছাড়া শিম ৮০ থেকে ১২০, শসা ১০০ এবং গাজর বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা কেজিতে। পুরোনো দেশি টমেটোর দাম ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। ফুলকপি আকারভেদে ৫০ থেকে ৮০ টাকা। ঝিঙে, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স ও মূলা পাওয়া যাচ্ছে ৬০ টাকা কেজিতে।

মাছের বাজারেও চড়া দাম

সবজির পাশাপাশি মাছের বাজারেও দাম কমার কোনো লক্ষণ নেই। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায়।

কাতলা মাছের কেজি ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ এবং পাবদা বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে।

আর ইলিশের দাম তো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরেই। আকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। বড় আকারের ইলিশের দাম ছাড়িয়ে গেছে ২ হাজার ৬০০ টাকা।

ডিম-মাংসেও বাড়তি খরচ

ডজনপ্রতি লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায়। প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৭০ থেকে ১৯০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ৩৩০ টাকায়।

এদিকে গরুর মাংসের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা। বিক্রেতারা বলছেন, আগের সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।

দাম কমার অপেক্ষায় ক্রেতারা

বিক্রেতাদের দাবি, বাজারে এখনো পর্যাপ্ত পরিমাণে নতুন শীতের সবজি আসেনি। আগামী এক সপ্তাহের মধ্যে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারে সবজির সরবরাহ বাড়লেও তার সুফল মিলছে না দামে।

বাজার করতে আসা নাঈম বলেন, বাজারের অবস্থা এখনো আগুন। অনেক সবজির দাম বেশি হওয়ায় কিনতে পারছেন না। মাছের বাজারেও একই অবস্থা। আগে যে মাছ ৮০০ টাকায় পাওয়া যেত, এখন তা কিনতে গুনতে হচ্ছে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত।

ক্রেতাদের আশঙ্কা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এভাবে চড়া থাকলে সাধারণ মানুষের সংসার চালানো আরও কঠিন হয়ে পড়বে।

শীতের সবজির সরবরাহ বাড়লে বাজারে দাম কমবে—এমন প্রত্যাশা সবার। তবে সেই প্রত্যাশা কবে বাস্তবে রূপ নেবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

যে পাহাড়ে একসময় ছিল জীবিকার সন্ধান, এখন সেখানে অপহরণের আতঙ্ক

এমবি টিভি | কক্সবাজার প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:০১ এম
যে পাহাড়ে একসময় ছিল জীবিকার সন্ধান, এখন সেখানে অপহরণের আতঙ্ক

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি জনপদে বাড়ছে সশস্ত্র অপহরণকারী ও মানব পাচারকারী চক্রের তৎপরতা। একসময় যে পাহাড় ছিল কৃষক, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের জীবিকার অন্যতম উৎস, সেই পাহাড় এখন আতঙ্কের জনপদ। অপহরণ, মুক্তিপণ আদায়, নির্যাতন ও হত্যার অভিযোগে নিরাপত্তাহীন হয়ে পড়েছেন পাহাড়সংলগ্ন এলাকার মানুষ। এমনকি নিজেদের কৃষিজমি, পানবরজ ও সুপারি বাগানেও যেতে ভয় পাচ্ছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় সক্রিয় রয়েছে একাধিক সশস্ত্র অপরাধী চক্র। সুযোগ পেলেই তারা কৃষক, শ্রমিক, পথচারী ও সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের গোপন আস্তানায় নিয়ে যায়। এরপর পরিবারের কাছে দাবি করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। মুক্তিপণ দিতে না পারলে অপহৃতদের ওপর চালানো হয় নির্যাতন। এমনকি মুক্তিপণ আদায়ের পরও হত্যার শিকার হওয়ার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় টেকনাফের পাহাড়সংলগ্ন এলাকায় কৃষিকাজ, কাঠ সংগ্রহ ও বিভিন্ন শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন শত শত মানুষ। পাহাড়ের আশপাশে ছিল বসতি, কৃষিজমি ও সুপারি বাগান। স্বাভাবিকভাবেই চলত মানুষের জীবনযাত্রা। কিন্তু সময়ের সঙ্গে পাল্টে গেছে সেই চিত্র। এখন জীবিকার তাগিদে পাহাড়ে গেলেও নিরাপদে ফিরতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কায় থাকেন অনেকে।

সম্প্রতি এই আতঙ্ক আরও বেড়েছে গত ৫ নভেম্বর রঙিখালী পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের হাতে জিম্মি ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানোর সময়। ওই অভিযানে সশস্ত্র পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহত হন। এ ঘটনা পাহাড়ি এলাকায় অপরাধী চক্রের অস্ত্র ও শক্তি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, পাহাড়সংলগ্ন এলাকার কৃষকরা এখন নিজেদের জমি, খেত, পানবরজ ও সুপারি বাগানে যেতেও ভয় পাচ্ছেন। কিছুদিন আগে বাহারছড়ায় সুপারি বাগান পাহারা দিতে গিয়ে মো. রফিক নামে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এর আগেও হ্নীলা এলাকার এক ইজিবাইকচালক অপহরণের পর টানা নয় দিন নিখোঁজ ছিলেন। পরে টেকনাফের হোয়াইক্যং- শামলাপুর সড়কের পাহাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।

স্থানীয় কৃষক কলি উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে সংসার চালাচ্ছেন তিনি। একসময় কোনো ভয়ভীতি ছাড়াই পাহাড়ি এলাকায় কাজ করতেন। কিন্তু বর্তমানে অপহরণের আতঙ্কে স্বাভাবিকভাবে কাজ করাও কঠিন হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, সশস্ত্র মানব পাচারকারী চক্র সুযোগ পেলেই মানুষকে ধরে নিয়ে পাহাড়ে আটকে রাখে। পরে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে না পারলে কাউকে কাউকে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার করে দেওয়ার অভিযোগও রয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ায় কিছুটা আশার আলো দেখছেন স্থানীয়রা। স্থানীয় শিক্ষক মাস্টার জাকারিয়া বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ায় মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এই অভিযান অব্যাহত রাখতে হবে। পাহাড়ি এলাকায় নিয়মিত ও সমন্বিত অভিযান পরিচালনা করা গেলে অপরাধীদের দৌরাত্ম্য কমবে এবং টেকনাফের মানুষ আবারও নিরাপদে বসবাস করতে পারবেন বলে আশা তাঁর।

এদিকে টেকনাফের পাহাড়ি এলাকায় অপরাধ দমনে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মানব পাচার, অপহরণ, ডাকাতি ও মাদক কারবার বন্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে পরিচালিত অভিযানে সশস্ত্র অপরাধী চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর ইসলাম বলেন, মানব পাচার বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। কোনো মানব পাচারকারী কিংবা অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয়দের প্রত্যাশা, শুধু সাময়িক অভিযান নয়, টেকনাফের পাহাড়ি এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অপহরণকারী ও মানব পাচারকারী চক্রের আস্তানা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

কারণ, পাহাড়ের নিরাপত্তা ফিরলেই ফিরবে কৃষকের কর্মচাঞ্চল্য, শ্রমজীবী মানুষের জীবিকা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবন। একসময়কার শান্ত টেকনাফের পাহাড় আবারও নিরাপদ হয়ে উঠবে—এমন প্রত্যাশাই এখন স্থানীয়দের।