শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
[gtranslate]
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

যে পাহাড়ে একসময় ছিল জীবিকার সন্ধান, এখন সেখানে অপহরণের আতঙ্ক

এমবি টিভি | কক্সবাজার প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:০১ এম
যে পাহাড়ে একসময় ছিল জীবিকার সন্ধান, এখন সেখানে অপহরণের আতঙ্ক

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি জনপদে বাড়ছে সশস্ত্র অপহরণকারী ও মানব পাচারকারী চক্রের তৎপরতা। একসময় যে পাহাড় ছিল কৃষক, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের জীবিকার অন্যতম উৎস, সেই পাহাড় এখন আতঙ্কের জনপদ। অপহরণ, মুক্তিপণ আদায়, নির্যাতন ও হত্যার অভিযোগে নিরাপত্তাহীন হয়ে পড়েছেন পাহাড়সংলগ্ন এলাকার মানুষ। এমনকি নিজেদের কৃষিজমি, পানবরজ ও সুপারি বাগানেও যেতে ভয় পাচ্ছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় সক্রিয় রয়েছে একাধিক সশস্ত্র অপরাধী চক্র। সুযোগ পেলেই তারা কৃষক, শ্রমিক, পথচারী ও সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের গোপন আস্তানায় নিয়ে যায়। এরপর পরিবারের কাছে দাবি করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। মুক্তিপণ দিতে না পারলে অপহৃতদের ওপর চালানো হয় নির্যাতন। এমনকি মুক্তিপণ আদায়ের পরও হত্যার শিকার হওয়ার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় টেকনাফের পাহাড়সংলগ্ন এলাকায় কৃষিকাজ, কাঠ সংগ্রহ ও বিভিন্ন শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন শত শত মানুষ। পাহাড়ের আশপাশে ছিল বসতি, কৃষিজমি ও সুপারি বাগান। স্বাভাবিকভাবেই চলত মানুষের জীবনযাত্রা। কিন্তু সময়ের সঙ্গে পাল্টে গেছে সেই চিত্র। এখন জীবিকার তাগিদে পাহাড়ে গেলেও নিরাপদে ফিরতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কায় থাকেন অনেকে।

সম্প্রতি এই আতঙ্ক আরও বেড়েছে গত ৫ নভেম্বর রঙিখালী পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের হাতে জিম্মি ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানোর সময়। ওই অভিযানে সশস্ত্র পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহত হন। এ ঘটনা পাহাড়ি এলাকায় অপরাধী চক্রের অস্ত্র ও শক্তি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, পাহাড়সংলগ্ন এলাকার কৃষকরা এখন নিজেদের জমি, খেত, পানবরজ ও সুপারি বাগানে যেতেও ভয় পাচ্ছেন। কিছুদিন আগে বাহারছড়ায় সুপারি বাগান পাহারা দিতে গিয়ে মো. রফিক নামে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এর আগেও হ্নীলা এলাকার এক ইজিবাইকচালক অপহরণের পর টানা নয় দিন নিখোঁজ ছিলেন। পরে টেকনাফের হোয়াইক্যং- শামলাপুর সড়কের পাহাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।

স্থানীয় কৃষক কলি উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে সংসার চালাচ্ছেন তিনি। একসময় কোনো ভয়ভীতি ছাড়াই পাহাড়ি এলাকায় কাজ করতেন। কিন্তু বর্তমানে অপহরণের আতঙ্কে স্বাভাবিকভাবে কাজ করাও কঠিন হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, সশস্ত্র মানব পাচারকারী চক্র সুযোগ পেলেই মানুষকে ধরে নিয়ে পাহাড়ে আটকে রাখে। পরে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে না পারলে কাউকে কাউকে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার করে দেওয়ার অভিযোগও রয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ায় কিছুটা আশার আলো দেখছেন স্থানীয়রা। স্থানীয় শিক্ষক মাস্টার জাকারিয়া বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ায় মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এই অভিযান অব্যাহত রাখতে হবে। পাহাড়ি এলাকায় নিয়মিত ও সমন্বিত অভিযান পরিচালনা করা গেলে অপরাধীদের দৌরাত্ম্য কমবে এবং টেকনাফের মানুষ আবারও নিরাপদে বসবাস করতে পারবেন বলে আশা তাঁর।

এদিকে টেকনাফের পাহাড়ি এলাকায় অপরাধ দমনে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মানব পাচার, অপহরণ, ডাকাতি ও মাদক কারবার বন্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে পরিচালিত অভিযানে সশস্ত্র অপরাধী চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর ইসলাম বলেন, মানব পাচার বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। কোনো মানব পাচারকারী কিংবা অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয়দের প্রত্যাশা, শুধু সাময়িক অভিযান নয়, টেকনাফের পাহাড়ি এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অপহরণকারী ও মানব পাচারকারী চক্রের আস্তানা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

কারণ, পাহাড়ের নিরাপত্তা ফিরলেই ফিরবে কৃষকের কর্মচাঞ্চল্য, শ্রমজীবী মানুষের জীবিকা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবন। একসময়কার শান্ত টেকনাফের পাহাড় আবারও নিরাপদ হয়ে উঠবে—এমন প্রত্যাশাই এখন স্থানীয়দের।

২০২৭ সাল থেকে বদলে যেতে পারে দেশের পর্যটন চিত্র, বড় পরিকল্পনা সরকারের

এমবি টিভি | বিশেষ প্রতিবেদনঃ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:৪০ এম
২০২৭ সাল থেকে বদলে যেতে পারে দেশের পর্যটন চিত্র, বড় পরিকল্পনা সরকারের

দেশের পর্যটন শিল্পের বিকাশে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ডিসেম্বরেই উন্মোচন হতে পারে বাংলাদেশের জাতীয় পর্যটন মহাপরিকল্পনা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারি থেকে শুরু হবে এর বাস্তবায়ন। দেশের আটটি বিভাগে চিহ্নিত প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে ঘিরে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা। অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার মাধ্যমে পর্যটন খাতকে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানিয়েছেন, ঢাকায় আয়োজিতব্য পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি চলছে।

সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে এই উৎসব। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে। তবে উৎসবের চূড়ান্ত কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাপরিকল্পনাটি মন্ত্রণালয়ে জমা দেওয়ার আশা করা হচ্ছে। ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাই শেষ হলে পরবর্তী অনুমোদনের জন্য এটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন পাওয়া গেলে জানুয়ারি থেকেই বাস্তবায়ন কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

১,৪৯৮ পর্যটন কেন্দ্র নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা

জাতীয় পর্যটন মহাপরিকল্পনায় ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দেশের পর্যটন খাতের উন্নয়নে একটি দীর্ঘমেয়াদি রূপরেখা তুলে ধরা হয়েছে। এর মূল লক্ষ্য বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে একটি প্রতিযোগিতামূলক, আকর্ষণীয় ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা।

পরিকল্পনায় দেশের আটটি প্রশাসনিক বিভাগে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ ও আকর্ষণীয় স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থানকে কেন্দ্র করে অবকাঠামো উন্নয়ন, পর্যটন পণ্যের বৈচিত্র্য, গন্তব্য ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বিপণন এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মহাপরিকল্পনা অনুযায়ী, ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এতে সমুদ্রসৈকত, ইকো-ট্যুরিজম, ঐতিহ্য ও সংস্কৃতিভিত্তিক পর্যটন, ধর্মীয় পর্যটন, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, নদীভিত্তিক পর্যটন, গ্রামীণ পর্যটন, ক্রুজ পর্যটন এবং আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী ভিত্তিক পর্যটন বিকাশের পরিকল্পনা রয়েছে।

বিনিয়োগ বাড়াতে ই-ভিসা ও নিরাপত্তায় গুরুত্ব

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পর্যটন খাতে বেশ কিছু নীতিগত পরিবর্তনের সুপারিশ করা হয়েছে মহাপরিকল্পনায়।

এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, পর্যটন গন্তব্যগুলোর ব্যবস্থাপনা উন্নত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপি সম্প্রসারণ।

এ ছাড়া পর্যটন খাতে দক্ষ জনবল তৈরিতে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা গঠন এবং স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার সুপারিশ রয়েছে।

পরিকল্পনায় শুধু নতুন অবকাঠামো নির্মাণ নয়, বিদ্যমান পর্যটন কেন্দ্রগুলোর সেবার মান উন্নয়ন, যোগাযোগব্যবস্থা সহজ করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

জানুয়ারি থেকেই শুরু হতে পারে বাস্তবায়ন

বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানিয়েছেন, প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে ২০২৭ সালের জানুয়ারি থেকেই অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন বলতে শুধু হোটেল, রিসোর্ট কিংবা পর্যটন অবকাঠামো নির্মাণকে বোঝায় না। এর সঙ্গে পর্যটন গন্তব্যের প্রচারণা, পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ও গুরুত্বপূর্ণ।

মহাপরিকল্পনায় বিভিন্ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান চিহ্নিত করা, অর্থায়নের উৎস নির্ধারণ, প্রকল্পের অগ্রাধিকার ঠিক করা এবং বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি কাঠামো প্রস্তাব করা হয়েছে।

পাশাপাশি বিনিয়োগে প্রণোদনা, সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং প্রাথমিক পর্যায়ে অগ্রাধিকারমূলক প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে।

পর্যটনকে অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত করতে চায় সরকার

সরকার পর্যটন শিল্পকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচনা করছে।

এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগাতে একটি সমন্বিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা তৈরি করা হচ্ছে। এই পরিকল্পনার আওতায় পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেছেন।

কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন উন্নয়নের জন্য ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া দেশের আতিথেয়তা খাতের দক্ষ জনবল তৈরিতে মোটেল লাবণী চত্বরে আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সংসদে জানিয়েছেন, প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে অন্তর্ভুক্ত করে মহাপরিকল্পনাটি চূড়ান্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, কমিউনিটিভিত্তিক পর্যটনের প্রসার, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটন খাতের তথ্য-উপাত্ত উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের কাজও শুরু হয়েছে।

দ্রুত বাস্তবায়ন চান পর্যটন খাতের উদ্যোক্তারা

জাতীয় পর্যটন মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও অংশীজনরা।

তাদের মতে, বাংলাদেশের পর্যটন সম্ভাবনা অনেক বেশি হলেও প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল, উন্নত সেবা এবং কার্যকর গন্তব্য ব্যবস্থাপনার অভাবে এই খাত প্রত্যাশিতভাবে এগোতে পারেনি।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ পর্যটন খাতের প্রতিষ্ঠান গুলোকে শক্তিশালী করা, পেশাদার প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন।

টোয়াবের সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান মনে করেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই পর্যটন শিল্পের উন্নয়ন সম্ভব নয়। পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা, নিরাপত্তা ও সেবার মানও নিশ্চিত করতে হবে।

অন্যদিকে, প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান পর্যটন খাতে বেসরকারি বিনিয়োগ, কার্যকর গন্তব্য ব্যবস্থাপনা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

তার মতে, পর্যটন উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, আন্তর্জাতিক বিপণন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

সব মিলিয়ে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা দেশের পর্যটন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে পরিকল্পনাটি বাস্তবে কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তার ওপরই নির্ভর করবে বাংলাদেশের পর্যটন শিল্পের ভবিষ্যৎ অগ্রগতি। এখন সংশ্লিষ্ট সবার প্রত্যাশা, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত বাস্তবায়নের পথে এগোবে এই মহাপরিকল্পনা।