রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সক্রিয় ভূমিকা চান প্রধানমন্ত্রী তারেক রহমান
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পাশে থাকার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থা—ওআইসিতে তুরস্কের কূটনৈতিক তৎপরতা ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচনায় রোহিঙ্গা সংকটের পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক উঠে আসে।বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতি ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য তুরস্কের মাঠপর্যায়ের মানবিক সহায়তারও প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ মানবিক চ্যালেঞ্জ। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে জাতিসংঘ ও ওআইসিতে তুরস্কের অব্যাহত সমর্থন এবং সক্রিয় ভূমিকা রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।তিনি আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা সংকটের বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরতে এবং প্রত্যাবাসনের পক্ষে কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখতে তুরস্কের প্রতি আহ্বান জানান।বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দেন। পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তি ও যৌথ বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন দুই নেতা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অর্থনৈতিক সহযোগিতার আরও বিস্তৃত পরিসরে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এ লক্ষ্যে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সৌর ও অন্যান্য পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তিতে দুই দেশের অংশীদারত্ব ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলেও আলোচনায় গুরুত্ব পায়।
এদিকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর পাশে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং বিনিয়োগ বাড়ানো জরুরি।বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত পূর্ববর্তী বৈঠকের কথা স্মরণ করেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।এ সময় সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।কূটনৈতিক বিশ্লেষকদের মতে, রোহিঙ্গা প্রত্যাবাসন, প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও জলবায়ু সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ ও তুরস্কের এই আলোচনা দুই দেশের সম্পর্ককে আরও বিস্তৃত করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। বিশেষ করে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সমর্থন আদায়ে তুরস্কের সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।





