রাজধানীতে ২৪ ঘণ্টায় তিন বাসে আগুন, তদন্তে পুলিশ
রাজধানীতে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি যাত্রীবাহী বাস এবং একটি জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআরের পরিত্যক্ত স্টাফ বাস। পৃথক তিনটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি যাত্রীবাহী বাস। ঘটনাগুলোর কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা ও বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বারিধারার প্রগতি সরণির জে ব্লক এলাকায় যাত্রী নামানোর পর একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুই থেকে তিনজন ব্যক্তি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসে থাকা যাত্রীরা নিরাপদে বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর কিছুক্ষণ আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড্ডার নতুন বাজারে কোকা-কোলা গেটের বিপরীত পাশে বৈশাখী পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি আগুন ধরিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না।
এদিকে, শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এনবিআরের একটি পরিত্যক্ত স্টাফ বাসে আগুন লাগে। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। কার্যালয়ের কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকে ওই বাসে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
অন্যদিকে, বারিধারায় বাসে আগুন দেওয়ার ঘটনায় আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও সহকারীকে থানায় নেওয়া হয়েছে।
সব মিলিয়ে রাজধানীর পৃথক তিনটি স্থানে বাসে আগুনের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পেছনে কোনো যোগসূত্র রয়েছে কি না, নাকি ঘটনাগুলো বিচ্ছিন্ন—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।






