মহেশখালীতে ১৩ হাজার কোটি টাকার এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ
দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণ এবং জাতীয় গ্রিডে সরবরাহ বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। কক্সবাজারের মহেশখালীতে নতুন একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ১৫ থেকে ২০ বছর মেয়াদে ব্যয় হতে পারে ১২ হাজার ৩২৪ কোটি থেকে ১৩ হাজার ১৬১ কোটি টাকা। পাশাপাশি ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এসব প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালে ওমানের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের কাছ থেকে তিন কার্গো এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে।
ওমানের ওকিউ ট্রেডিংয়ের কাছ থেকে তিন কার্গো এলএনজি আমদানি করা হবে দেশটির সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায়। এ জন্য তিনটি পৃথক সাইড লেটার চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সরকার থেকে সরকার বা জিটুজি পদ্ধতিতে এসব এলএনজি আমদানি করা হবে।
অন্যদিকে, মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জির কাছ থেকে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাবেও সম্মতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট বা এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার বা জেকেএম মূল্যের চেয়ে শূন্য দশমিক ১৮ ডলার কম। তবে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
এদিকে, এলএনজি আমদানির পাশাপাশি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণের সক্ষমতা বাড়াতেও গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম এলাকায় নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড বা সিএনইই জিটুজি পদ্ধতিতে এ প্রকল্পের প্রস্তাব দিয়েছে।
প্রতিষ্ঠানটির প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
সংশ্লিষ্টদের মতে, নতুন এ টার্মিনাল স্থাপিত হলে আমদানি করা এলএনজি সংরক্ষণ এবং তা পুনরায় গ্যাসে রূপান্তরের সক্ষমতা বাড়বে। ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, এফএসআরইউ বা ভাসমান এলএনজি টার্মিনাল হলো বিশেষায়িত জাহাজভিত্তিক একটি ব্যবস্থা। এর মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা তরল গ্যাস প্রথমে সংরক্ষণ করা হয়। পরে পুনঃগ্যাসীকরণের মাধ্যমে তরল এলএনজিকে প্রাকৃতিক গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের সাহায্যে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
সব মিলিয়ে ২০২৭ সালে পাঁচ কার্গো এলএনজি আমদানি এবং মহেশখালীতে নতুন টার্মিনাল স্থাপনের উদ্যোগের মাধ্যমে দেশের গ্যাস সরবরাহ ও আমদানি ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে চায় সরকার। তবে প্রকল্পের চূড়ান্ত ব্যয় ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ভর করবে সংশ্লিষ্ট চুক্তি ও পরবর্তী কার্যক্রমের ওপর।





