টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান, উদ্ধার প্রায় ১০ লাখ ইয়াবা
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে বিজিবির পৃথক তিনটি অভিযানে প্রায় ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) রাতে টেকনাফের হ্নীলা, হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া সংলগ্ন নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির সদস্যরা। এ সময় নৌকা থেকে কয়েকজন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে কেওড়া বনে অবস্থান নেয়। পরে বিজিবির টহল দল এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায় কারবারিরা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ইয়াবার বস্তা পানিতে ফেলে নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যায় তারা। পরে তল্লাশি চালিয়ে ১০টি বস্তা থেকে ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, একই রাতে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ মো. রমজান আলী নামে ১৮ বছর বয়সী এক যুবককে আটক করে বিজিবি।
অন্যদিকে, রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে মো. হোসাইন নামে ২০ বছর বয়সী আরেক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সব মিলিয়ে তিনটি অভিযানে ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





